জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মামলা ও তিন আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি এলাকার মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরের বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন জাকিয়া সুলতানা। সম্প্রতি তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন বহিরাগতকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী বড় বাজারে জাকিয়া সুলতানাকে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে মারধর করছেন।
এ ঘটনায় সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে মামলা করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
প্রতিনিধি/এসএস