জেলা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রনজিত বকশি সূর্য (৬৮) গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম প্রয়াত রবীন্দ্র বকশি। তিনি একসময় ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
রাজনৈতিক জীবনে রনজিত বকশি সূর্য গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গাইবান্ধা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।
রনজিত বকশি সূর্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব সরকার। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
প্রতিনিধি/এসএস