Dhaka Mail Logo

সারাদেশ

পুলিশ পরিচয়ে ডাকাতি, এক সপ্তাহে একই ইউনিয়নে ২ ঘটনা

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। উপজেলার কচুয়াই ইউনিয়নের এক প্রবাসীর বাড়িসহ পাশাপাশি দুটি বাড়িতে ঢুকে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ডাকাতির সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্কও নিয়ে যায় ডাকাতেরা।

এক সপ্তাহের মধ্যে একই ইউনিয়নে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ওই ইউনিয়নে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কচুয়াই ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাত আড়াইটার দিকে পুলিশ পরিচয়ে ৪–৫ জন লোক বাড়িতে ঢোকে। ঢোকার পরপরই তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে গলায় ছুরি ধরে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

এরপর পাশের আরেকটি বাড়িতে একই কায়দায় ঢুকে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ডাকাতির ঘটনা শোনার কথা জানিয়ে বলেন, প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা তারা শুনেছেন। তবে এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, ডাকাত দল ঘটনার আগে বাড়িটি রেকি করে থাকতে পারে। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পরও পুলিশকে জানাননি। এমনকি ডাকাতির ১২ ঘণ্টা পর পর্যন্ত পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেননি তাঁরা।

এর আগে গত বুধবার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

৭–৮ জনের মুখোশধারী একটি সশস্ত্র ডাকাত দল ওই বাড়িতে ঢুকে নগদ সাড়ে ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বাড়িটি খালি পেয়ে ডাকাত দল হানা দিলে পাশের একটি কক্ষে থাকা প্রবীর ভট্টাচার্যের চাচা এবং বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর বাবুল ভট্টাচার্য বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি জিয়াউল হক জানান, ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে

এআর