Dhaka Mail Logo

সারাদেশ

৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নূর

জেলা প্রতিনিধি

৩১ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।

nur2

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এখন দক্ষতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গতানুগতিক ও শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশের ও আন্তর্জাতিক শ্রমবাজারে যেসব খাতে চাহিদা রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে।

নুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে সাইবার আইন দ্রুত সংশোধন করা হবে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে মানবাধিকার আইন ও গুমসংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

পরে প্রতিমন্ত্রী নুর ছাত্র অধিকার পরিষদ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।

প্রতিনিধি/এএইচ