জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩৮ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪০৫ জন।
সোমবার (৩১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে সবচেয়ে বেশি সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১৬১ জন। এ ছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন
হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৬ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সন্দেহভাজন ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট ১৫২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এসএস