জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম
উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে তিনি জিরোপয়েন্ট এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ছবি তোলেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রদূত। সেখান থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে প্যারাগন ডেইরি খামার পরিদর্শন করেন। পরে স্থানীয়ভাবে সরিষার তেল উৎপাদনের ঐতিহ্যবাহী ঘানি ঘুরে দেখেন। এরপর তিনি তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশে রওনা হন। রাতে তিনি তেঁতুলিয়ার ইএসডিও মহানন্দা কটেজে অবস্থান করেন।

সফরসূচি অনুযায়ী, সোমবার পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড় রকস মিউজিয়াম ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শনের কথা রয়েছে তার। এ ছাড়া পঞ্চগড় সার্কিট হাউসে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের তৃতীয় দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামের ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ, দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনের কথা রয়েছে। এরপর তিনি সৈয়দপুরে গিয়ে রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর, ঐতিহাসিক চিনি মসজিদ ও একটি খ্রিষ্টান গির্জা পরিদর্শন করবেন।

উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ২০২৬ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিনিধি/এসএস