জেলা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম
যশোরে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম রিপন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে যশোর কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার অ্যাডভোকেট রোকনুজ্জামানের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সিরাজুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাদে নাভারণ (পশ্চিমপাড়া) এলাকার মো. নজরুলের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের তালতলা, বুরুজবাগান এলাকায় আব্দুল মালেকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বাসযোগে আসামি রিপন ইয়াবার চালান নিয়ে যশোরে আসে। শহরতলীর ঝুমঝুমপুরের আগে তিনি বাস থেকে নেমে যান। পরে একটি রিকশাযোগে মণিহারের দিকে যাওয়ার পথে ঝুমঝুমপুরে পৌঁছালে তাকে আটক করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ওসি মাসুম খান, পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন ও এসআই সাইফুল ইসলাম।
প্রতিনিধি/এএস