Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় ছাত্রলীগের ৭ মিনিটের মিছিল

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনের নেতৃত্বে কালো পতাকা হাতে নিয়ে ঝটিকা মিছিল হয়েছে। 

রোববার সকালে নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের বাউসি এলাকায় এই মিছিল হয়।

মিছিলের ব্যানারে পুলিশ হত্যার বিচার, আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমস্ত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুৎ-তেল ও কৃষির উপকরণ যথাযথভাবে সরবরাহ করা, অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়াসহ বিভিন্ন দাবি লেখা হয়। ব্যানারে প্রচারে লেখা হয় আওয়ামী যুবলীগ জেলা শাখা।

রবিউল আউয়াল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে। ৫ আগস্টের পর প্রায় ১৭ মাস কারাবরণ করে তিনি জেল থেকে মুক্তি পান।

এই ঝটিকা মিছিলের ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিজস্ব আইডি থেকে শেয়ার করা হয়। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে ব্যানারের সামনে রবিউল আউয়াল মুজিব কোর্ট পরে সামনে এগিয়ে যাচ্ছেন। তার পেছনে ব্যানার নিয়ে অনুসারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে',  ‘বিচার বিচার বিচার চাই, পুলিশ হত্যার বিচার চাই,' ইত্যাদি স্লোগান দিচ্ছেন। ওই সব নেতাকর্মীর কারো হাতে কালো পতাকা, কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো হাতে ব্যানার ছিল। অংশগ্রহণকারীদের মধ্যে শুধু একজনের মাথায় হেলমেট ছিল। কয়েকজনের মুখে মাস্ক দেখা যায়। আর অন্যদের মুখ ঢাকা ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার দুজন বাসিন্দা জানান, সকাল ৭টার কিছুক্ষণ পর হঠাৎ করে বেশ কিছু যুবক একত্র হয়ে পতাকা ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তবে তারা কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ করেননি। প্রায় ছয় থেকে সাত মিনিটব্যাপী মিছিল শেষে তারা মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিতে করে চলে যান।

এ ব্যাপারে জানতে চাইলে রবিউল আউয়ালের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি শুনেছি। ভিডিও দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মিছিলে অংশ নেওয়া এসব নেতাকর্মীদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ