Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্সচালক আটক

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামের এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানার পুলিশ।

সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রাতে থানায় নেওয়ার জন্য মরদেহটি একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।

পরিবারের অভিযোগ, ওই দিন গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন চালক সাগর শেখ। এ সময় তিনি মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। তখন সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

সাদিয়ার মা বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তাঁর মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজ করার চেষ্টা করছিলেন। বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মেয়ে মাদরাসায় পড়তেন উল্লেখ করে অভিযুক্তের বিচার দাবি করেন তিনি।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআর