Dhaka Mail Logo

সারাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় নারীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়িয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ময়না রায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নিচ্ছেন—এমন অভিযোগ পায় স্থানীয় প্রশাসন। পরে রোববার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি ময়না রায় নিজেই স্বীকার করেছেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডাদেশের পর ময়না রায়কে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায়কে জরিমানা করা হয়েছিল।

প্রতিনিধি/এএইচ