জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে তিনি তিস্তা ব্যারেজ এলাকায় গিয়ে পানি বণ্টন, সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সফরসঙ্গীদের নিয়ে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা অবসর রেস্ট হাউজে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এর আগে সকালে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।
তিস্তা অবসর রেস্ট হাউজের সম্মেলন কক্ষে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন রাষ্ট্রদূত।
সভায় তিস্তা ব্যারেজের পরিচালনা কার্যক্রম, পানি বণ্টন ব্যবস্থা, সেচের জন্য পানির সরবরাহ এবং উত্তরাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে তিস্তা নদী ও ব্যারেজকেন্দ্রিক বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী সরফরাজ বান্দ, রংপুর সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চন্দ্র, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র এবং ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে দুপুরে তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি তিস্তা নদীর পানির স্তর, সেচ ক্যানেলে পানি সরবরাহের প্রক্রিয়া এবং ব্যারেজের সার্বিক পরিচালনা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরে তিস্তা ব্যারেজের মূল সেতু পায়ে হেঁটে পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যারেজের বিভিন্ন কার্যক্রম ও সেচব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।
তিন দিনের উত্তরবঙ্গ সফরে লালমনিরহাট ও পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। সফর শেষে দুপুর ২টার দিকে তিস্তা ব্যারেজ এলাকা ত্যাগ করে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রতিনিধি/এলএ