Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে মাদকের টাকা দিতে দেরি, বাবাকে শিল পাথর দিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের শিলপাথরের আঘাতে আব্দুর রহিম ভূঁইয়া (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে মোস্তফা ভূঁইয়াকে (২২) অভিযুক্ত করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় তার ছেলে মোস্তফা তার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শিলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়ি চলে যান।

আরও পড়ুন

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে লাখ টাকায় বিক্রি!

বেকড়া আটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মানসিক সমস্যাও রয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মোস্তফা ভূঁইয়া শিলপাথর দিয়ে তার বাবা আব্দুর রহিমের মাথায় আঘাত করে তাকে হত্যা করেছেন। ঘটনার পর মোস্তফা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ওসি আরও বলেন, আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মোস্তফাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস