Dhaka Mail Logo

সারাদেশ

সড়কে ছেলের মৃত্যুর এক বছরের মাথায় ডেঙ্গুতে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাজরীন সুলতানা শেলী (৫০) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাজরীন সুলতানা শেলী শরীয়তপুরের আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ছিলেন। তিনি জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ হাসানের স্ত্রী। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট সাধারণ জ্বর নিয়ে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নাজরীন সুলতানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উত্তরা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ২৭ আগস্ট তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এক বছরের ব্যবধানে দুই শোক

নাজরীন সুলতানার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে দ্বিতীয় দফা শোক। এর আগে গত বছর সড়ক দুর্ঘটনায় তার ছোট ছেলে আলবাব রেজা রোহান নিহত হন। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার মাকেও হারাল পরিবারটি।

এক বছরের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

নাজরীন সুলতানার ছেলে সাজিদ রাব্বি বলেন, অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তার মাকে উত্তরা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর ২৭ আগস্ট তাকে আজগর আলী হাসপাতালে নেওয়া হয়।

সাজিদ রাব্বি বলেন, ‘তখনো আমার মা সুস্থ ছিলেন। আমার কাছে খেতেও চেয়েছেন। এর পরপরই হঠাৎ স্ট্রোক করেন। পরে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেন। আজ দুপুরে মা মারা গেছেন। অনেক চেষ্টা করেছি, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না।’

আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, নাজরীন সুলতানা শেলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি দক্ষ ও আন্তরিক শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের কাছেও তার গ্রহণযোগ্যতা ছিল অনেক।

রনজিৎ সাহা বলেন, ‘তার মৃত্যুতে আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থী গভীরভাবে মর্মাহত। আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারিয়েছি।’

নাজরীন সুলতানা শেলীর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

প্রতিনিধি/এসএস