জেলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
ময়মনসিংহের নান্দাইলে রোগী দেখতে এসেছিলেন হবিগঞ্জের কয়েকজন। রোগী দেখে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনজন। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি ( ৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। মারা যাওয়া সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়ময়সিংহের নান্দাইল উপজেলায় রোগী দেখতে গিয়েছিলেন হবিগঞ্জের কয়েকজন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মিলন মিয়া মারা যান। গুরুতর আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে আরও দুজন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
প্রতিনিধি/এলএ