Dhaka Mail Logo

সারাদেশ

ধামরাইয়ে সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ, সৎ বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৪ পিএম

ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে আজাহারুল ইসলাম ওরফে কাওছার (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার রাতে উপজেলার কেলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আজাহারুল ইসলাম পেশায় রংমিস্ত্রি। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামে। তিনি ধামরাইয়ের কেলিয়া দক্ষিণপাড়া এলাকায় স্ত্রী ও দুই সৎ মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর মা একটি রেডিও সেন্টারে রান্নার কাজ করেন। আগের সংসারে তার দুই মেয়ে রয়েছে। প্রায় সাত বছর আগে আজাহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আজাহারুল কৌশলে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত চারটার দিকে আজাহারুল তার স্ত্রীকে বেঁধে রেখে বড় মেয়ের কক্ষে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে ছোট মেয়ে তার মায়ের বাঁধন খুলে দেয়। পরে মা বড় মেয়েকে উদ্ধার করেন। তখন কিশোরী তার মাকে জানান, এর আগেও ভয়ভীতি দেখিয়ে আজাহারুল তাকে একাধিকবার ধর্ষণ করেছেন।

ঘটনাটি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় আজাহারুল বাসায় ফিরলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে থানায় নেওয়া হয়।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আইনি প্রক্রিয়া চলছে।