Dhaka Mail Logo

সারাদেশ

দাফনের চার মাস পর হত্যার অভিযোগে আটক স্ত্রী ও বেয়াই

জেলা প্রতিনিধি

৩০ আগস্ট ২০২৬, ০৫:৫০ এএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় মফিজার মোল্যা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ফতেমা বেগম ও তার বেয়াই মশিয়ার রহমানের বিরুদ্ধে।

এই ঘটনায় তাদের আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের মফিজার মোল্যা প্রায় ৪ মাস আগে মারা যান। তবে মফিজার মোল্যার মৃত্যু স্বাভাবিক ভাবে হয়নি দাবি করে তার স্ত্রী ফতেমা বেগম ও একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা ও মৃতের বেয়াই মশিয়ার রহমানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

মফিজার মোল্যার স্ত্রী ও বেয়াইয়ের মধ্যে ‘অনৈতিক সম্পর্কের’ জেরে মফিজারকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার কিছুদিন পর তারা দুজন বিবাহ করে সংসার করে আসছেন বলেও জানা যায়।

ঘটনার প্রায় ৪ মাস পর শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয়রা ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করেন।  এসময় উত্তেজিত জনতা দুজনকে মারধর করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

এদিকে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে অভিযুক্তরা মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেন।

তারা বলেন, গত (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মফিজার মোল্যাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেন। এরপর মফিজার মোল্যার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এরপর মরদেহ দাফন করে ফেলা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ‘ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/এএম