Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে  পূর্ব ধেচুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বেলাল উদ্দিন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক। 

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি’র একটি অভিযানিক দল পূর্ব ধেচুয়াপালং এলাকায় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়।

পরে আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ বক্স বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ছিল ২০ প্যাকেট করে। এতে মোট ২০ হাজার পিস সিগারেট রয়েছে।

র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক(ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহের কথা স্বীকার করেছেন। পরে এসব সিগারেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করতেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দ সিগারেটসহ তাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

প্রতিনিধি/  এজে