Dhaka Mail Logo

সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’

উপজেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। স্থানীয়ভাবে ‘চামড়া মাছ’ নামে পরিচিত প্রায় ৯০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, জেলে ও মাছ ব্যবসায়ীরা।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগর থেকে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে মাছটি ধরে মহিপুর মৎস্য বন্দরের মুন ফিসে নিয়ে আসেন জেলেরা। মাছটির আকৃতি ও বৈশিষ্ট্য অন্য মাছের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হওয়ায় প্রথমে এর পরিচয় নিয়ে নিশ্চিত হতে পারেননি তারা। বিষাক্ত হতে পারে— এমন আশঙ্কায় মাছটি কিনতেও আগ্রহ দেখাননি অনেক ক্রেতা।

জেলে খবির বলেন, দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরছি। বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়েছে। কিন্তু এ ধরনের মাছ আগে কখনো দেখিনি। দেখতে অন্য মাছের চেয়ে একেবারেই আলাদা।

আরেক জেলে মাহাতাব বলেন, অন্যান্য মাছের সঙ্গেই মাছটি জালে উঠে আসে। বন্দরে আনার পর অনেক মানুষ মাছটি দেখতে ভিড় করেন। পরে শুনেছি এটি বিষাক্ত হতে পারে, তাই কেউ কিনতে চায়নি।

মাছটির পরিচয় নিশ্চিত করে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটি টাইটান ট্রিগারফিশ (Balistoides viridescens)। স্থানীয়ভাবে এটি ট্রিগারফিশ বা চামড়া মাছ নামে পরিচিত।
তিনি জানান, টাইটান ট্রিগারফিশের পিঠে শক্তিশালী কাঁটা, বড় দাঁত এবং শক্ত চোয়াল রয়েছে। সাধারণত এ মাছ মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। তবে প্রজনন মৌসুমে নিজের বিচরণক্ষেত্র ও ডিম রক্ষার সময় এটি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

বখতিয়ার রহমান আরও বলেন, প্রবালপ্রাচীরের বাস্তুতন্ত্রে তলদেশীয় বিভিন্ন প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্যজালের ভারসাম্য রক্ষায় টাইটান ট্রিগারফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের কিছু অঞ্চলে মাছটি খাদ্য হিসেবে গ্রহণ করা হলেও এতে সিগুয়াটেরা বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। ফলে এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলীয় বঙ্গোপসাগর সামুদ্রিক জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন সময়ে জেলেদের জালে বিরল ও অল্প পরিচিত নানা প্রজাতির মাছ ধরা পড়ছে। টাইটান ট্রিগারফিশ ধরা পড়ার ঘটনাটিও সামুদ্রিক জীববৈচিত্র্য ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের বিরল প্রজাতির মাছ জালে ধরা পড়লে জেলেদের উচিত দ্রুত মৎস্য বিভাগকে অবহিত করা। এতে মাছটির প্রজাতি শনাক্তকরণ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।

স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিভিন্ন সময়ে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও টাইটান ট্রিগারফিশের মতো মাছ খুব কমই দেখা যায়। মাছটি বন্দরে আসার পর থেকেই এটি দেখতে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

প্রতিনিধি/ এজে