Dhaka Mail Logo

সারাদেশ

‘পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট কিছু ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় গ্রামে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারের সংকট ও গুদাম লুটের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, যেখানে সার নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখানেই সারের গুদাম লুট করা ব্যক্তিরা মাথায় করে সেই সারের বস্তা ফিরিয়ে দিচ্ছে। আসলে সারের কোনো সমস্যা নেই। পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা উসকানি দিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কিছু গণমাধ্যমে যশোরে বিদ্যুৎ না থাকার কারণে মাছ মারা যাওয়ার খবর প্রকাশের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, প্রকৃত বিষয় হলো সেই এলাকায় বিদ্যুৎ ছিলো না ৪০ মিনিট। আসলেই কি ৪০ মিনিট বিদ্যুৎ না থাকার কারণে মাছ মারা যায়? আপনারাই বলুন।

ডা. জাহিদ হোসেন বলেন, এসব বিষয়কে কেন্দ্র করে উসকানি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিগত ১৯ বছরের শাসনের সঙ্গে সম্পৃক্ত দোসররা এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

প্রতিনিধি/ এজে