জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম
নাট্যচর্চার গুণগত মান উন্নয়ন এবং মঞ্চশিল্পীদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঢাকা বিভাগীয় অভিনয় প্রশিক্ষণ কর্মশালা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে নাটকের আধুনিক কলাকৌশল ও মঞ্চ পরিবেশনা নিয়ে সেশন পরিচালনা করেন, বিশিষ্ট নাট্যজন শামিম সাগর এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক শাহ আলম।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগঠনটির দফতর সম্পাদক খোরশেদুল আলম, এবং অর্থ সম্পাদক রফিক উল্লাহ সেলিম।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে দুই দিন কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন আয়োজকেরা।
এই আয়োজনের সার্বিক সমন্বয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজবাড়ী জেলার প্রতিনিধি, সংগঠক ও 'স্বদেশ নাট্যাঙ্গন'-এর প্রতিষ্ঠাতা সদস্য মো. জিহাদুর রহমান,জেলা কালচারাল অফিসার সুজিদ কুমার দাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কাজী পলাশ, যুগ্ম আহবায় নাসির উদ্দিন সহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের এ ধরনের গঠনমূলক উদ্যোগ প্রান্তিক নাট্যকর্মীদের শারীরিক ও মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে এবং স্থানীয় নাট্য আন্দোলনকে আরও গতিশীল করবে।
ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে ৬০ জনেরও বেশি নাট্যকর্মী এই নিবিড় অনুশীলনে অংশ নেন।
প্রতিনিধি/ এজে