Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন: অনলাইন-অফলাইনে উৎসবের আমেজ

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

প্রায় ১৪ বছর পর আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দীর্ঘদিন পর এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে পুরো শহর। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে পাঁচটি সদস্য পদকে ঘিরে।

সদস্য পদে এবার রেকর্ডসংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ৫টি সদস্য পদের বিপরীতে মনোনয়ন নিয়েছেন ৩৭ জন। তাদের মধ্যে যুবনেতা কাজী মহিবুল ইসলাম ডিকন ও সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. মাইনুদ্দিন (রুবেল) রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের পাশাপাশি যুবদল নেতা রুমেল উদ্দিন আহমেদ, আশিকুল ইসলাম (সুমন), মো. সাঈদ হাসান সানি ও সাবেক ছাত্রনেতা মো. শাহাদাৎ হোসেনসহ অনেক প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা রয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহের পর থেকেই সদস্য প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার-প্রচারণা শুরু করেছেন। কেউ সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ মোবাইল ফোনে ভোট চাইছেন, আবার কেউ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন। প্রার্থীদের পক্ষে তাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে রেড ক্রিসেন্ট নির্বাচনকে ঘিরে অনলাইন-অফলাইন দুই জায়গাতেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সদস্য পদে আলোচনায় থাকা প্রার্থীদের অনেকেই দীর্ঘদিন ধরে রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন বলে দাবি করেন।

কাজী মহিবুল ইসলাম ডিকন বলেন, দীর্ঘদিন ধরে রেড ক্রিসেন্টের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে মানবিক কাজ করার চেষ্টা করছি। রেড ক্রিসেন্ট মূলত মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রতিষ্ঠান। নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়াতে চাই।

সাংবাদিক মো. মাইনুদ্দিন (রুবেল) বলেন, রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মানুষের কল্যাণে কাজ করার যে সুযোগ এই প্রতিষ্ঠানটি তৈরি করে, সেটিকে আরও বিস্তৃত করতে চাই। সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে সামাজিক ও মানবিক কাজগুলো আরও সংগঠিতভাবে করার চেষ্টা থাকবে।

যুবনেতা রুমেল উদ্দিন আহমেদ বলেন, মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত থাকা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।

যুবদল নেতা আশিকুল ইসলাম (সুমন) বলেন, রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করার মাধ্যমে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। সদস্য হতে পারলে এসব কাজ আরও সহজ ও কার্যকরভাবে করার সুযোগ তৈরি হবে বলে মনে করি।

সাবেক ছাত্রদল নেতা মো. সাঈদ হাসান সানি বলেন, মানবিক ও সামাজিক কাজের প্রতি আমার দীর্ঘদিনের আগ্রহ রয়েছে এবং রেড ক্রিসেন্টের কার্যক্রমের সঙ্গেও যুক্ত আছি। সদস্য নির্বাচিত হলে মানুষের জন্য কাজ করার পরিধি আরও বাড়াতে চাই। বিশেষ করে দুর্যোগ, অসহায়ত্ব ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দিতে চাই।

ছাত্রনেতা মো. শাহাদাৎ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায়দের জন্য কাজ করার যে সুযোগ রেড ক্রিসেন্ট তৈরি করে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্য হিসেবে নির্বাচিত হলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগকে কাজে লাগাতে চাই।

এবারের নির্বাচনে রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে নির্বাচন হবে। সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুই দিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ জন এবং বৃহস্পতিবার শেষ দিনে আরও ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন- মো. আসাদুজ্জামান শাহীন, মো. আমির হোসেন ফারুক, এ বি এম মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহম্মেদ।

সেক্রেটারি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূইয়া, মো. মিজানুর রহমান, মো. হারুনুর রশিদ, মো. মোস্তাফিজুর রহমান খান জুয়েল ও মো. শাহ ওয়াসিম পারভেজ।

এছাড়া সদস্য পদে মনোনয়ন নিয়েছেন- মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল আমিন, এ এইচ এম শাহীন আহম্মেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সহিদুল ইসলাম (অপু), শাহ আলম পালোয়ান, কাজী সাখওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আবদুল্লাহ আল মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়েদ হোসেন, মো. কামরুল হক, মাজহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান, মো. অলিউর রহমান, আল আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আবদুল লতিফ লিটন, আবুল কাশেম, মো. আবুল বাসার ও মোহাম্মদ আফজালুর রহমান রিপন।

ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের সদস্য সচিব ও ইউনিট অফিসার বৃন্দাবন চন্দ্র মণ্ডল জানান, ভাইস-চেয়ারম্যান ও সেক্রেটারি পদে মনোনয়নপত্রের মূল্য ৬ হাজার টাকা এবং সদস্য পদে ৪ হাজার টাকা।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৮ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৯ আগস্ট যাচাই-বাছাই, ৩০ আগস্ট মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৩১ আগস্ট প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ৫ সেপ্টেম্বর।

সর্বশেষ ২০১২ সালে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন এ বি এম তৈমুর এবং সেক্রেটারি হন আহসান হাবিব। ২০১৪ সাল পর্যন্ত ওই কমিটি কার্যক্রম পরিচালনা করার পর আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিটের কার্যক্রম চলছিল।

এবারের নির্বাচনে আজীবন সদস্য ভোটার ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ভোটার ১ হাজার ১৭৯ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন।

দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় এবার ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত পাঁচটি সদস্য পদে কারা নির্বাচিত হয়ে রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটিতে জায়গা করে নেন, এখন সেটিই হয়ে উঠেছে নির্বাচনের মূল আকর্ষণ।

প্রতিনিধি/এলএ