Dhaka Mail Logo

সারাদেশ

বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির সংবর্ধনা

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান ও বিশ্বজয়ী কোরআনে হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ জাকারিয়া আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে শুধু তার পরিবার বা বাউফল নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এ অর্জন বাউফলের মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এই অসাধারণ অর্জন প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের মেধাবী সন্তানরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে। তার সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ড. মাসুদ আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে।

অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা হাফেজ জাকারিয়ার সাফল্যের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তার এ অর্জন বাউফলের জন্য অত্যন্ত গৌরবের। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

প্রতিনিধি/ এজে