Dhaka Mail Logo

সারাদেশ

সারের সংকট নেই, সমস্যা সরবরাহ ব্যবস্থায়: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

দেশে চাহিদার তুলনায় বেশি সার মজুত রয়েছে। তবে সার সরবরাহ ও বিতরণব্যবস্থায় সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত দিনে যাদের সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অনেকেই একটি দলের অনুসারী ছিলেন। কেউ কেউ পারিবারিকভাবে ডিলার হয়েছেন। তাদের অনেকেই এখন পলাতক। আবার অনেকেই ঠিকভাবে সার সরবরাহ করেন না। তারা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার—সার নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে মব, আতঙ্ক ও গুজব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’

কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দিতে সরকার প্রতি ইউনিয়নে সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমানে যারা ডিলার আছেন, তাদেরও বাদ দেওয়া হবে না।’

75b46ec3-8d00-444c-a3f6-d66ecb9580d0

ছোট ও বর্গাচাষিরা সার কিনতে বেশি সমস্যায় পড়েন উল্লেখ করে তিনি বলেন, তাদের অল্প পরিমাণ সার প্রয়োজন হলেও তারা তা ঠিকমতো পান না। সরকার নির্ধারিত ১ হাজার ২০০ টাকা দামের সার রাতের আঁধারে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে এক টাকা বেশি দামে যাতে কেউ সার বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। পঞ্চগড়ে সারের কৃত্রিম সংকট তৈরি করে কিংবা অতিরিক্ত মুনাফার জন্য ১ হাজার ২০০ টাকার সার ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করে কৃষকদের হয়রানি করা যাবে না।

এ সময় কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার মজুত ও জমিতে ব্যবহার না করার অনুরোধ জানান তিনি।

সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও চেম্বারের সভাপতি শরিফ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও সার ডিলারেরা বক্তব্য দেন।

প্রতিনিধি/এসএস