উপজেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা রাসেল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
রাসেল চৌধুরী বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকার মৃত সালাম চৌধুরীর ছেলে। তিনি বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। স্থানীয় রাজনীতিতে তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাসেল চৌধুরী দলীয় নেতা-কর্মীদের নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালান এবং হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এসএস