Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে ৪ খুন: বিচার বিভাগীয় তদন্ত দাবি

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় নগরীর স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ।

সংবাদ সম্মেলনে বলা হয়- শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সকলকে নৃশংসভাবে খুনের ঘটনা প্রমাণ করে রংপুরসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। এ ঘটনায় দুজনকে আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ গণমাধ্যমে পুরো হত্যাকাণ্ড সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেই বক্তব্য নিয়ে জনমনে নানা প্রশ্ন, সংশয় এবং আস্থাহীনতার জন্ম দিয়েছে। এছাড়াও হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের বয়ান, নিহতদের স্বজনের জবানবন্দি, ঘটনার পারিপার্শ্বিকতা, পুলিশ ও ফরেনসিক কর্মকর্তার বক্তব্য সাংঘর্ষিক।

এই নৃশংস হত্যাকাণ্ডসহ দেশে সংঘটিত প্রতিটি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিক তদন্ত প্রয়োজন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের বেপরোয়া করে তুলছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। শিক্ষক গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হওয়া জরুরি। 

এসময় গণপতি চক্রবর্তীসহ ৪ খুনের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিজয় প্রসাদ তপু, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, মসিউর রহমান, সবুজ রায়, মেহেদী হাসান তরুণ প্রমুখ।

প্রতিনিধি/এলএ