জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থাকার পর অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছা নামের এক রোগীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে দাউদকান্দি এলাকায় যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি।
শুক্রবার রাত তিনটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক আল হাসান বলেন, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত আটটার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। তখন মহাসড়কে তীব্র যানজট থাকায় অ্যাম্বুলেন্সটি আর সামনে এগোতে পারেনি।
তারেক আল হাসান বলেন, ‘প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।’
শনিবার দুপুর পৌনে দুইটার দিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, যানজটের কারণে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যুর বিষয়টি তার জানা নেই।
যানজটের কারণ জানতে চাইলে প্রেমদাস রায় বলেন, ‘ভবেরচর এলাকায় গতকাল শুক্রবার থেকে সড়ক ও জনপথ বিভাগ রাস্তা সংস্কারের কাজ করছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এখনো সড়কে যানজট রয়েছে। যানজট কমাতে আমরা গতকাল থেকে সড়কে অবস্থান করছি।’
প্রতিনিধি/এসএস