Dhaka Mail Logo

সারাদেশ

ইজিবাইকচালকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

২৯ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

ইজিবাইক শ্রমিকদের বিরুদ্ধে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার অভিযোগের জেরে চুয়াডাঙ্গা থেকে সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে না পেরে অনেককে বাস টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।

শনিবার (২৯ আগস্ট) থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বাস চলাচল বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ।

6994e306-e097-487b-bbf9-79602a2e38da

স্থানীয় ও পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা ইজিবাইকটিকে বাধা দিয়ে ফিরিয়ে দেন।

এর জেরে ওই ইজিবাইকচালক তার সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, এ সময় ইজিবাইকচালক ও তার সহযোগীরা বাসের চালক ও সুপারভাইজারকে মারধর ও লাঞ্ছিত করেন। বাসে হামলা চালিয়ে তাদের জিম্মি করে রাখারও অভিযোগ রয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

b0abad38-4aec-4008-9cac-fdfa0c514251

এ ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকেরা দৌলতদিয়াড় এলাকায় সড়কের ওপর বাস আড়াআড়ি রেখে অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেন। তবে এতে শ্রমিকদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল। পরে শনিবার থেকে জেলার গুরুত্বপূর্ণ পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চাকরি, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে গন্তব্যে যেতে তাদের বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি সময়ও বেশি লাগছে।

80036cb0-aad5-42e6-a6c4-e3f083c3bb70

বাসযাত্রীরা বলেন, অনেকেই আগে থেকে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতেন না। টার্মিনালে এসে বাস না পেয়ে বাধ্য হয়ে ইজিবাইক, অটোরিকশা ও অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে। এতে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বেশি। তারা দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান।

আরও পড়ুন

দুমকিতে যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

এদিকে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার রাত থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচলও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ বলেন, ‘শ্রমিকদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের আটক করা হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

প্রতিনিধি/এসএস