জেলা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৬, ০১:৫১ পিএম
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষার্থী ও এনসিপির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন মাদরাসাশিক্ষার্থীরা। এবার একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
তবে জেলা প্রশাসন বলছে, এনসিপি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়েছিল; রাজনৈতিক সমাবেশের কথা জানায়নি। ফলে মিলনায়তনে কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসাশিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন তারা।
এরই মধ্যে আজ শনিবার বিকেল তিনটায় এনসিপির কর্মসূচির স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়া আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মিথ্যাচার করায় হাসনাত আব্দুল্লাহকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু তিনি ক্ষমা না চাওয়ায় আজকের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ তিনি ইসলামপ্রেমী মানুষকে কর্মসূচি সফল করতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমায়েত হওয়ার আহ্বান জানান।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্যই জেলা প্রশাসককে বলেছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠান হবে।’
তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সে কারণে ওইভাবে অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়।’
মাদরাসাশিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না, কারণ আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।’
প্রতিনিধি/এসএস