জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি পালন করতে গেলে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের ধাওয়ার মুখে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
এর আগে, নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি- এমন অভিযোগ তুলে পদবঞ্চিতদের একটি অংশ ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। অন্যদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি পক্ষ আনন্দ মিছিল করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি যুবদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এ কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ গিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি এবং মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার।
প্রতিনিধি/এজে