Dhaka Mail Logo

সারাদেশ

মিছিলের প্রস্তুতি: নেত্রকোনায় ছাত্রলীগ-যুবলীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ১০:২০ পিএম

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় মিছিলের প্রস্তুতি ও ঝটিকা মিছিলের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কেন্দুয়া ও পূর্বধলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়। ভোর ৫টা ৫০ মিনিটে কেন্দুয়া ও নেত্রকোনা সদর উপজেলার সীমান্তবর্তী ইটখলা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— রাকিব রায়হান (৪২), রবিন মিয়া (২৭), বিপ্লব হাসান (২৭), বাবু মিয়া (২৯) ও মাহমুদুল হাসান (২০)।

এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। 

অন্যদিকে, পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন মিছিলের উদ্দেশে জড়ো হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেন। পরে পুলিশ এলে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করে। পরবর্তী তদন্তে পাওয়া তথ্যেরভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় পূর্বধলা থানার এসআই মোহাম্মদ তাইজুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এলএ