Dhaka Mail Logo

সারাদেশ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির কারখানা, আটক ২

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

যশোরের মণিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, কি-বোর্ড ও এক হাজার টাকা মূল্যমানের বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলার অপর আসামি কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

আটক দুজন হলেন- মণিরামপুরের কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ও ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান। পুলিশ জানিয়েছে, আজিবুর রহমান ও এমদাদুল হকের সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন এমদাদুল হক ও আজিবুর রহমান। আজিবুর ডাঙ্গামহিষদিয়া বাজারে নওয়াব আলীর একটি দুইতলা বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কবিরাজির আড়ালে তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মৃত আনোয়ার গাজীর ছেলে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। এ সময় এমদাদুল হক ও দোকানের মালিক মফিজুর রহমান সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে শুক্রবার সকাল ৬টার দিকে ডাঙ্গামহিষদিয়া এলাকা থেকে স্থানীয়রা এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা বলেন, ঘটনাস্থল থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কি-বোর্ড এবং এক হাজার টাকা মূল্যের বেশ কয়েকটি জাল নোট আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এমদাদুল হক, আজিবুর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মফিজুর রহমানকে এখনও আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/ এজে