জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ০৮:১৮ পিএম
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত, দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে সেই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নারীদের সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হবে।
তিনি বলেন, একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয়, তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। সেই লক্ষ্যেই আমরা মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিচ্ছি। দেশের ৫০ ভাগ জনগোষ্ঠী নারী। এই মেয়েদের যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনে বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই ভালো থাকবে। মনের মধ্যে ক্রোধ না রেখে সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে। অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
মন্ত্রী বলেন, আমরা পরিবারের মেয়েদের এসব সহযোগিতা দিচ্ছি, যাতে পরিবারের সচ্ছলতা বাড়ে। একটি নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।
এ সময় ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে