Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে বিজিবিকে দেখে সিএনজি রেখে পালালেন চালক, মিলল ৩৬ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির সদস্যরা ছাগলনাইয়ার চম্পকনগর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি সড়কে সিএনজিচালিত অটোরিকশাটি রেখে পালিয়ে যান।

6722d382-94f4-47d0-884c-e746d1cfc74d

পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়। জব্দ করা গাঁজা ও অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

প্রতিনিধি/এসএস