Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

সুনামগঞ্জ পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা দেখা দিলে একজনকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। সেখানে চিকিৎসক অতুল কুমার মজুমদার (মিন্টু) অস্ত্রোপচারটি করেন।

স্বজনদের অভিযোগ, সিজার করার সময় নবজাতকের গলায় কেটে যায়। এরপর শিশুটির গলা থেকে রক্ত পড়তে থাকে। রাত নয়টার দিকে স্বজনেরা চিকিৎসকের চেম্বারে গিয়ে বিষয়টি জানালে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

এ নিয়ে হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্বজনেরা জানান, পুলিশের সহযোগিতায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতকটি সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে।

ঘটনাটি নিয়ে চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস