জেলা প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাঁশবোঝাই ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো. সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে ঘুরতে যান রফিকুল। রাতে ফেরার পথে পারুয়ারা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, কুমিল্লা থেকে ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই একটি ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় বাঁশের আঘাতে রফিকুল গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সঙ্গে রাত পৌনে ১২টার দিকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস