Dhaka Mail Logo

সারাদেশ

সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা, সোনারগাঁও প্রেস ক্লাবের নিন্দা

জেলা প্রতিনিধি

২৮ আগস্ট ২০২৬, ০২:০২ এএম

সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক সংবাদের সোনারগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব নেওয়া হয়।  

সভায় বলা হয়, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে কোনো ধরনের যাচাই-বাছাই ও তদন্ত ছাড়াই অভিযোগ দায়েরের তিন ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করেছে। ঘটনাটিকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সোনারগাঁ থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

সভা থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় সোনারগাঁও প্রেস ক্লাব কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানানো হয়।

এদিকে, মামলা প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার, ২৯ আগস্ট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রেস ক্লাব। এতে সোনারগাঁয়ে কর্মরত সব সাংবাদিককে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এআর