জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম
পিরোজপুরের নেছারাবাদে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে সানিয়া আক্তার মিম (১৭) নামে এক তরুণী তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন। তার অবস্থানের খবর পেয়ে প্রেমিক রাতুল ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ আগস্ট) রাতে ওই তরুণী সানিয়া আক্তার নেছারাবাদ থানায় বাদী হয়ে প্রেমিক রাতুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
এরআগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল থেকে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব-কামারকাঠী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ওই তরুণী।
জানা গেছে, অনশনরত সানিয়া আক্তার মিম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফার্দাবাদ গ্রামের মৃত জালাল হোসেনের মেয়ে। আর কথিত প্রেমিক মো. রাতুল জলাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদল শেখের ছেলে।
সানিয়ার দাবি, ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাতুলের পরামর্শে তিনি নেছারাবাদে তার এক খালুর বাড়িতে বেড়াতে আসেন।
পরে তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারকে জানানো হলেও রাতুলের পরিবার তাকে মেনে নেয়নি বলে দাবি করেন তিনি।
সানিয়া বলেন, পরে রাতুল তাকে তাদের বাড়িতে চলে আসতে বলেন। তার কথামতো বাড়িতে যাওয়ার পর রাতুলের মা তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে রাতুলকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে চলে যান বলে অভিযোগ তার।
সানিয়া আরও বলেন, রাতুলের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে যাবেন না।
তবে এ বিষয়ে রাতুল ও তার পরিবারের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান এই প্রতিবেদককে জানান, বুধবার রাতে ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এএম