Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

দিনাজপুর জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। এ সময় দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় অন্তত ১০টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কড়া পুলিশ প্রহরায় শেখ বাদশাকে দিনাজপুর কোতোয়ালি থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে শেখ বাদশাকে আটক করে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শেখ বাদশাকে আটকের প্রতিবাদে বুধবার রাত ১১টা থেকে শ্রমিকদের একটি অংশ কোতোয়ালি থানার সামনে, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কেন্দ্রীয় ট্রাক টার্মিনালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস রেখে অবরোধ করে। পরে রাত থেকেই শেখ বাদশার মুক্তির দাবিতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

এতে দিনাজপুরের সঙ্গে আন্তঃজেলা বিভিন্ন রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের আরেকটি অংশ কোতোয়ালি থানার সামনে এসে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৭ থেকে ৮ জন শ্রমিক আহত হন।

বিকেল তিনটায় সংঘর্ষের সময় থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা এসআর পরিবহনের একটি নৈশকোচ, এইচএ এন্টারপ্রাইজের একটি বাস এবং মাছরাঙা টেলিভিশনের এক ক্যামেরাপারসনের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া অন্তত ১০টি বাস ভাঙচুর করা হয় বলে জানা গেছে। দফায় দফায় সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নেতা শেখ বাদশার বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

প্রতিনিধি/এজে