Dhaka Mail Logo

সারাদেশ

ববির টিএসসির প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম।

এর আগে, বুধবার বিকেলে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আবুল কালাম আজাদ ববির প্রথম উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ খানের আপন ভাই। হারুন অর রশিদ খান ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানার একটি মামলায় (সিআর ৪২২/২৪) আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮(২) ধারায় করা ওই মামলায় তার ছয় মাসের কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, হারুন অর রশিদ খান উপাচার্য থাকাকালে তার ভাই, বোন ও ভাগ্নেসহ বাউফলের শতাধিক আত্মীয়-স্বজনকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এ কারণে সে সময় বিশ্ববিদ্যালয়টি ‘পারিবারিক বিশ্ববিদ্যালয়ে’ পরিণত হয়েছে বলে সমালোচনা হয়। ওই সময় আবুল কালাম আজাদ কেয়ারটেকার পদে নিয়োগ পান। পরে পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনিক কর্মকর্তা হন বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে আবুল কালাম আজাদ গ্রেফতার হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কর্মস্থল টিএসসিতে বিষয়টি জানানো হয়নি। টিএসসির সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম সেরনিয়াবাত বলেন, ‘তিনি কোনো ছুটি নেননি। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অফিসে আসেননি। কেন আসেননি, তা এখনও জানা যায়নি।’

এ বিষয়ে ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, আবুল কালাম আজাদ গ্রেপ্তার হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।

প্রতিনিধি/এজে