জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম
নীলফামারী সদরে যৌতুকের দাবিতে নাজরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এর আগে, গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজরিন নাহার উপজেলার উত্তর হারোয়া কলেজ পাড়ার জব্বার আলীর মেয়ে।
আসামিরা হলেন- নিহত নাজরিনের স্বামী আলমগীর হোসেন (৪০), শ্বশুর আবদুল মান্নান (৫৬), শাশুড়ি আরিফা বেগম(৩৬) ও দেবর দেলোয়ার হোসেন (৪২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া গ্রামের আলমগীর হোসেনের সঙ্গে নাজরিন নাহারের বিয়ে হয়। বিয়ের সময় নাজরিনের বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকার উপহারসামগ্রী দেওয়া হয়। তবে বিয়ের পর থেকে তিন লাখ টাকা যৌতুকের দাবিতে নাজরিনকে শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতনভাবে করতো। এনিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশ হয়েছে।
আরও জানা যায়, গত ২৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে নাজরিন নিজের শোয়ার ঘরে কাজ করছিলেন। এ সময়ে তার স্বামী বাবার বাড়ি থেকে যৌতুকের তিন লাখ টাকা এনে দেওয়ার জন্য তাকে বলেন। একসময়ে সে রাজি না হলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এ সময়ে তার গলায় ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় । পরে বিষয়টি জানাজানি হলে নাজরিনের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে