জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল উত্তর জেলা শাখার দাপ্তরিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে দলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম কাজলকে জেলার দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৬ আগস্ট বরিশাল উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে এসংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়। জেলা বিএনপির দলীয় প্যাডে দেওয়া ওই চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেন আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কাজ আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার উদ্দেশ্যেই রফিকুল ইসলাম কাজলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। দায়িত্ব পালনে তিনি তার সাংগঠনিক দক্ষতা, মেধা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করবেন বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু সৈনিক
ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রফিকুল ইসলাম কাজল। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—প্রতিটি গণতান্ত্রিক ও রাজপথের লড়াইয়ে তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিগত দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নিজ এলাকা গৌরনদী ও বরিশালের রাজপথে খণ্ডকালীন নয়, বরং সব সময় সরব থেকে নেতা-কর্মীদের নিয়ে নিরলসভাবে আন্দোলন চালিয়ে গেছেন তিনি।

মানবিক গুণাবলি ও ক্লিন ইমেজ
দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতা-কর্মীদের সুখে-দুঃখে সবসময় ছায়া হয়ে পাশে থাকা রফিকুল ইসলাম কাজল গৌরনদী উপজেলা তথা বরিশাল উত্তর অঞ্চলে একজন ‘আপাদমস্তক ক্লিন ইমেজের নেতা’ হিসেবে সুপরিচিত। করোনাকালের কঠিন সময়েও গৌরনদীর দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য মানবিক উদাহরণ সৃষ্টি করেছিলেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দল বা সংগঠনের ক্ষতি কিংবা বদনাম হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনো জড়িত হননি; বরং তার কোনো কর্মকাণ্ডে কখনোই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি।
নেতাকর্মীদের উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া
রফিকুল ইসলাম কাজল বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কৃতি সন্তান। জেলা বিএনপির গুরুত্বপূর্ণ এই দাপ্তরিক দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বার্থী ইউনিয়নসহ গৌরনদী উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার ও ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন এই দায়িত্বে রফিকুল ইসলাম কাজল জেলা বিএনপির দাপ্তরিক কার্যক্রমে আরও বেশি সমন্বয় ও গতিশীলতা আনতে এবং তৃণমূলের সঙ্গে দলের যোগাযোগ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রফিকুল ইসলাম কাজল বলেন, ‘আমি সারাজীবন জনতার কাতারে থেকে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। রাজনৈতিক জীবনে কোনো দিন দলকে ফাঁকি দিয়ে রাজনীতি করি নাই বা প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব করি নাই। নিজ এলাকায় অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সবসময় দলের কর্মসূচি বাস্তবায়ন করেছি। আওয়ামী দুঃশাসনের সময় নেতা-কর্মীদের ফেলে অন্য কোথাও পালিয়ে যাইনি, বরং মাঠে থেকেছি—যে কারণে আমাকে মিথ্যা মামলা ও নানা হয়রানির শিকার হতে হয়েছে। দল যে আস্থার জায়গা থেকে আমার ওপর এই দায়িত্ব অর্পণ করেছে, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তা নিষ্ঠার সঙ্গে পালন করব।’
প্রতিনিধি