জেলা প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম
গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
প্রতিনিধি/টিবি