জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
মাদারীপুরে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টিনশেট ঘরের বড় একটি অংশ উড়ে গেছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নাশকতা নাকি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ওই গ্রামের আমিনুল ইসলাম খান ৭ বছর ধরে খুলনায় থাকেন। তার ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত। বিকেলে বদ্ধঘর থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে ধোঁয়া দেখতে পান তারা। একইসাথে বের হয় পোড়া গন্ধ।
হাতবোমা বিস্ফোরণে পরিত্যক্ত ঘরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়ালে পুলিশি টহল বাড়ানো হয়েছে।
এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এলএ