Dhaka Mail Logo

সারাদেশ

‘ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে ভিত্তি গড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার’

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

দেশের ‘ভাঙাচোরা’ অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের জন্য একটি ভিত্তি গড়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঝড়ে কোনো মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে প্রথমে সেই ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়। অন্তবর্তীকালীন সরকারও ঠিক সেই কাজ করেছে। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর আরও ভালোভাবে কাজ করবে।’

Former_Lieutenant_General_Jahangir_Alam_Chowdhury_1
মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধনে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- ঢাকা মেইল/মুন্সিগঞ্জ

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওই সময় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, ফলে তাদের গ্রহণযোগ্যতা অন্য যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি।’

সাবরিনা মঞ্জুর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে দেশের বড় দুই সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে চিহ্নিত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা এবং বিকেলে খেলাধুলায় যুক্ত হলে মাদক থেকে দূরে থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

Former_Lieutenant_General_Jahangir_Alam_Chowdhury_2
মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধনে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- ঢাকা মেইল/মুন্সিগঞ্জ

এ সময় শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিনিধি/এএম