জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, ৫৫টি ছুরি ও ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় একজন নারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌর এলাকার নাগেরবাজারসহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিভিন্ন গমনাগমনের পথ ব্লকেড করে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হয়। পাশাপাশি স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিভিন্ন বসতঘরেও তল্লাশি চালানো হয়।
অভিযানে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা (ওজন ২০০ গ্রাম), চার লিটার চোলাই মদ এবং অপরাধ কাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
অন্যদিকে, বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন পুকুরপাড়ে পৃথক অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটের প্রতিটির মূল্য এক হাজার টাকা।
জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, চার লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে