জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে আসিফ মিয়ার মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমাদের সদস্যরা ওই স্থানে অনুসন্ধান শুরু করেন। এর এক ঘন্টা পর আসিফ মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রতিনিধি/ এজে