জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম
আগামীতে কৃষিপণ্য রফতানিতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সারাদেশে কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের মাধ্যমে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার।
বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় নদী বিধৌত চলাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়, ২ দিনব্যাপী আয়োজিত সুফলভোগী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ বলেন, মার্কেটে এই মুহূর্তে যত সারের প্রয়োজন আছে, তার চেয়ে বহুগুণ বেশি গোডাউনে মজুত আছে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সারের মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা হবে। সার নিয়ে কোনো ধরনের সংকট বা ঘাটতি তৈরি হবে না। কৃষকরা যাতে সময়মতো ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। কেউ কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশের সাতটি জেলার চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শেষে ২৫ জন খামারিকে একটি করে বকনা বাছুর ও প্রত্যেককে ৫০ কেজি করে প্রাণী খাদ্য দেওয়া হয়। পাশাপাশি, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন সুফলভোগীর মাঝে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং সাত জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম সহ আরও অনেকে।
এদিকে, অনুষ্ঠান শেষে, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় গজারিয়ার ভবেরচরে-রসুলপুর খালে পোনামাছ অবমুক্ত করেন কৃষিমন্ত্রী আমিনুর রশীদ।
প্রতিনিধি/ এজে