Dhaka Mail Logo

সারাদেশ

কাস্টমস কর্মীর ১৫ টুকরা লাশ: এক মাস পর দুই আসামি ধরা

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের কাস্টমসের কর্মী রাকিব রায়হান তালুকদারকে বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও তার চাচাতো ভাই জিতুল টাকার লোভে ঘরে হত্যা করে লাশ ১৫ টুকরা করার পর ৪টি ট্রাভেল ব্যাগে ভরে পরিত্যক্ত একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। 

এ হত্যার এক মাস পর সিলেটের শ্রীমঙ্গল স্টেশন থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে তাদের দুজনকে গ্রেফতার করে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল সার্কেলের এএসপি এস এম হাসান ইস্রাফীল। 

বুধবার (২৬ আগস্ট) দুপুরে হত্যার শিকার কাস্টমস কর্মীর বাড়ি থেকে লাশ টুকরা করার কাজে ব্যবহার করা একটি চাপাতি, ১টি রড, তিনটি ছুরি, একটি কাঠের খাটিয়া, রক্তমাখা পাঞ্জাবিসহ আলামত উদ্ধার হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাস্টমস কর্মী রাকিব রায়হান তালুকদার (৪০) ঢাকার কমলাপুর শাখায় নিরাপত্তা শাখায় চাকরি করতেন। প্রতি বৃহস্পতিবার বাড়ি এসে শনিবার ভোরে ঢাকায় চলে যেতেন। 

সর্বশেষ তিনি ২৩ জুলাই বাড়িতে আসেন ২৪ জুলাই বিকাল থেকে নিখোঁজ হন। ২৭ জুলাই রাতে কাস্টমস কর্মীর বড় ভাই নূরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় সাধারণ ডায়েরি করার পর বাড়ির কেয়ারটেকার রাজু মির্জার ও তার চাচাতো ভাই জিতুল উধাও হয়ে যায়। হত্যার শুরু থেকে পরিবার দাবি ছিল এ হত্যার সাথে বাড়ির কেয়ারটেকার রাজ র্মিজা জড়িত রয়েছে।

২ আগস্ট দুপুরে কাস্টমস কর্মীর বাড়ি থেকে ৩০০ গজ দূরে  একটি পরিত্যক্ত পুকুরে ৪টি ট্রাভেল ব্যাগে ১৫ টুকরা লাশ উদ্ধার করা হয়।

এ হত্যা নিয়ে ত্রিশাল সার্কেলের এএসপি এস এম হাসান ইস্রাফীল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকার লোভে পড়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে হত্যাকারীরা। তারা বয়সে তরুণ হওয়ায় দেশের কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। 

তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার প্রায় ১ মাস পর সিলেটের শ্রীমঙ্গল স্টেশর থেকে মঙ্গলবার ভোরে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এলএ