জেলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৬, ০৭:১৮ পিএম
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে ইয়াছিন খান(২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সৈকতের জলতরঙ্গ পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খান ঢাকার কড়াইল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা। তাকে উদ্ধারে সৈকতে তৎপরতা চালাচ্ছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা।
প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট দুই দফায় প্রায় ১১০ জনের দলটি কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
দলটির বেশ কয়েকজন সদস্য চাকরিজীবী এবং আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া দলটিতে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে জলতরঙ্গ পয়েন্টের সামনে গোসলে নামার পর দুই পর্যটক পানিতে ভেসে যান। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সৈকতে তৎপরতা অব্যাহত রয়েছে।
সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং এঘটনায় নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ চলছে।
প্রতিনিধি/এজে