Dhaka Mail Logo

সারাদেশ

আকিকার মিষ্টি খেয়ে ৮ শিশু হাসপাতালে

জেলা প্রতিনিধি

২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা এলাকায় আকিকা অনুষ্ঠানে কেনা মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হয়েছে।

মঙ্গলবার ২৫ আগস্ট) বিকেলে বাখুন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশুরা হলো—তাসফিয়া, তাওহিদ, সুমাইয়া, সামিয়া, সানভীর, শাহাদ, মাহাদি ও সাইম। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

জানা গেছে, সদর উপজেলার বাখুন্ডা পূর্বপাড়ার আকরাম খান ও মাসুদের বাড়িতে আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে তাদের আত্মীয় হারুন সরদার ও কেয়া বেগম সেখানে আসেন। দুপুর ১২টার দিকে হারুন সরদার চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলের হাটের ‘মোল্লা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে মিষ্টি কিনে আনেন। দুপুর ১টার দিকে মিষ্টি বাড়িতে নিয়ে আসা হয়।

দুপুরের খাবার শেষে বাড়িতে থাকা, বেড়াতে আসা স্বজন ও স্থানীয় শিশুরা ওই মিষ্টি খায়। মিষ্টি খাওয়ার প্রায় দেড় ঘণ্টার মধ্যে শিশুরা বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাদের খাবার স্যালাইন খাওয়ানো হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ‘মোল্লা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক জিয়ারত মোল্লা বলেন, তার দোকান থেকে নিয়মিত বহু মানুষ মিষ্টি কিনে নিয়ে যান এবং এ ধরনের কোনো অভিযোগ আগে পাওয়া যায়নি। তিনি মিষ্টি পরীক্ষা করে দেখারও আহ্বান জানান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অসুস্থ শিশুদের ভর্তির পর জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল হাসপাতাল ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, খলিল মন্ডল হাটের ওই দোকান থেকে কেনা মিষ্টি খেয়ে শিশুরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে